Sunday, January 18, 2015

১৯-০১-১৫

..খুব কম জিনিসই এখনও আমাকে আগের মতো আকর্ষণ করে। উক্তি তাদের মধ্যে অন্যতম।

ছোটবেলায় ডায়রি পছন্দ হতো না যদি না পাতায় পাতায় বিভিন্ন উক্তি থাকতো!

এখনও সময় পেলেই উক্তি পড়ি। মনে হয় বক্তাদের সাথেই কথা বলছি - মুখোমুখি বসে, বাতি নিভিয়ে!..

Saturday, January 17, 2015

১৮-০১-১৫

..আমার প্রথম ফ্যান্টাসি (টুকটুক এবং) নিয়ে আমি ভয়ানক দ্বিধান্বিত। মনে হচ্ছে আরও বেশি প্রস্তুতি এবং গভীরতা প্রয়োজন।

যখন লিখতে বসছি, মন্ত্রমুগ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছি। চোখের পাতায় ভেসে উঠছে বিভিন্ন দৃশ্যাবলী কিন্তু ব্যস্ততার কারনে মুগ্ধতা কাটিয়ে উঠতে হচ্ছে খুব দ্রুত।

চরিত্রগুলো সাজাতে হবে আরও সুন্দর করে। আশা করছি সামনের বইমেলায় বইটি প্রকাশ করতে পারবো!..

Friday, January 16, 2015

১৭-০১-২০১৫

..মাঝে মাঝে নীরবতা বড় বেশি ভালো লাগে; অর্থহীন প্রলাপ, একঘেয়ে স্তুতি, গাণিতিক সম্ভাবনা, নির্লজ্জ সমালোচনা এবং মুখোশিত বাক্যগুচ্ছ বিনিময় থেকে!

তখন নীরবতাই নিয়ে আসে অশ্রুত গান, অপঠিত কবিতা এবং আকাংক্ষিত শব্দপিপাসা!

মাঝে মাঝে নীরবতাই আমাকে এনে দেয় আমার প্রতীক্ষিত অনাঘ্রাত কোলাহল!..   

Thursday, January 15, 2015

১৬-০১-১৫

..আজকাল আমার মনে হয় আমি একই সময়ে একাধিক জায়গায় বসবাস করছি। আমার আরও একটি অস্তিত্ব আছে কিন্তু সেটি কোথায় তা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশ একটি ঝরে পড়া লুটানো শুকনো পাতা যেটি লেপটে আছে আরেকটি শুকনো পাতায়!

আমি পাতাটি হাতে নিচ্ছি, গন্ধ শুকছি, তার মধ্যে আরেকটি পাতার অস্তিত্ব স্পষ্ট অনুভব করছি কিন্তু আলাদা করতে পারছি না!

অন্য একটি ভাষা আমাকে নাম ধরে ডাকে, অন্য কিছু মুখ হঠাৎ চোখের সামনে থেকে সরে যায়, অপরিচিত কিছু অনুভূতি অদ্ভুতভাবে আমাকে আলোড়িত করে!

ব্যাক্তিগতভাবে আমি খুবই যুক্তিবাদী। সকল কিছুর মধ্যে যুক্তি খুঁজে নিজেকে সৃষ্টির সেরা জীব বলে ভাবতে পছন্দ করি। আমি এই অনুভূতিটা নিয়ে ভেবেছি এবং যৌক্তিকভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি -  খুব সম্ভবত আমি বর্তমান জীবন-যাপনে অসন্তুষ্ট!..